খুলনায় রূপান্তরের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রূপান্তরের প্রকল্প অবহিতকরণ সভায় বক্তারাখুলনা : সুপেয় পানির তীব্র অভাবে দাকোপ উপজেলার আইলা দুর্গত মানুষ যখন দীর্ঘমেয়াদী তীব্র দুর্ভোগের শিকার হয়ে বছরের পর বছর মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছেন তখনই এ উপজেলার সব ক’টি ইউনিয়নে শুরু হয়েছে “পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু বিপদাপন্ন এলাকার গ্রামীণ জীবিকার উন্নয়ন প্রকল্প”।

এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় এবং ওয়াটারএইড বাংলাদেশের কারিগরি নির্দেশনায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর দু’ বছর মেয়াদী এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রকল্পটি চলবে ২০১৭ সালের মার্চ মাস পর্যন্ত। আজ বুধবার জেলা পর্যায়ে এ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের বাঙ্কোয়েট হলে আজ সকালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মোঃ নাজিমউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপরিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এস. এম ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগতঃ জানিয়ে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। ওয়াটারএইডের পক্ষে বক্তৃতা করেন সংস্থার পরিচালক ইমরুল কায়েস মনিরুজ্জামান, পিএইচডি। ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়াটারএইডের হেড অব প্রোগ্রাম হোসেন ইসরাত আদিব। এ ছাড়াও ওয়াটার এইডের প্রোগ্রাম ম্যানেজার আরিফ আব্দুল্লাহ খান বক্তৃতা করেন।

অনুষ্ঠানে মুক্ত আলোচনাপর্বে প্রকল্প এলাকার জনপ্রতিনিধিদের মধ্যে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, বাণীশান্তার ইউপি চেয়ারম্যান সুদেব রায়, কৈলাশগঞ্জের ইউপি চেয়ারম্যান মিহির মণ্ডল, দাকোপের ইউপি চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, পানখালির ইউপি চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন, সুতারখালির ইউপি চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন, ইউপি সদস্য হিরু মণ্ডল, কনিকা হালদার, সাংবাদিক গাজী মনিরুজ্জামান, আবু হেনা মোস্তফা কামাল, হাসান হিমালয়,  নারীনেত্রী এ্যাডভোকেট অলোকানন্দা রায়, দানকুমারী, নাগরিক নেতা প্রদ্যুৎ রুদ্র চৈতি, শাহীন জামাল পন, কামরুল করিম, উন্নয়নকর্মীদের মধ্যে বক্তৃতা করেন মাহফুজুল ইসলাম মুকুল, শান্তনু মনির, আমিরুল ইসলাম, মোঃ আবুল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ বলেন, প্রকৃতির সাথে লড়াই করেই আমাদের টিকে থাকতে হবে। সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো জীবনযাত্রার মানোন্নয়নে যে কাজগুলো করছে তাকে টেকসই করে তুলতে এলাকার মানুষদের আরও বেশী ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো যে সব অবকাঠামো নির্মাণ করছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের জন্য এলাকাবাসীর উদ্যোগ থাকতে হবে। তা’ না হলে পিএসএফ, ল্যাট্রিন, নলকূপ তৈরি করে দেওয়ার পর দ্রুতই তা’ ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।

অনুষ্ঠানে জানানো হয়, সাত কোটি ১২ লাখ টাকারও বেশী ব্যয়ে দুই বছর স্থায়ী এ প্রকল্প থেকে দাকোপ উপজেলায় সুপেয় পানির ক্ষেত্রে ৩০ হাজার দু’শ’, পয়ঃনিষ্কাশনের ক্ষেত্রে ৬০ হাজারের বেশী এবং হাইজিন ক্ষেত্রে সাড়ে ৮৫ হাজার মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

//প্রতিবেদন উপকূল বাংলাদেশ/খুলনা/১৮০৬২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য