কচা ও বলেশ্বরের ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ফসলি জমি

images-erosion.jpgএইচএম ফারুক হোসাইন, জিয়ানগর (পিরোজপুর)।। পিরোজপুরের উপকূলীয় উপজেলা জিয়ানগরের কচা ও বলেশ্বর নদীর অব্যাহত ভাঙনে ইন্দুরকানী, কালাইয়া, টগড়া, চন্ডিপুর, খোলপটুয়া গ্রামসহ চারাখালী খাদ্য গুদাম, গুচ্ছ গ্রাম হুমকির মুখে পড়েছে। উপজেলার খরসে াতা কচা নদীর ভাঙনে ইন্দুরকানী গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার বাড়ী, কাজী বাড়ী, হাওলাদার বাড়ী, ভক্তবাড়ীসহ ২ শতাধিক বাড়ি এবং তাদের ৫শ’ বিঘা ভিটা ও বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি কালাইয়া গ্রামের সেকান্দার হাওলাদারের বাড়ি, চিত্ত রঞ্জন মণ্ডলের বাড়ি, আনিচুর রহমান হাওলাদারের বাড়ি, রবিন্দ্রনাথ ও চিত্ত রঞ্জন দাসসহ শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ওই গ্রামের রাম গোপাল সাহা তালুকদার জানান, আমাদের পৈতৃক ভিটাবাড়িসহ শতাধিক বাড়ি ও প্রায় ৪শ’ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমাদের বাড়ির শেষ চিহ্নটুকু বিলীন হওয়ার পথে। কালাইয়া গ্রামের সেকান্দার আলী হাওলাদার তার সব কিছু হারিয়ে বেড়ি বাঁধের পাশে ঝুপড়ি ঘরে স্বজনদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কচা নদীর ভাঙনের দৃশ্য দেখাতে গিয়ে সেকান্দার আলী বলেন, হায়রে সর্বনাশা কচা মোর সব কিছু লুইটা লইয়া গ্যাছে। এহন আমি একেবারে অসহায়। কালাইয়া গ্রামের চিত্ত রঞ্জন ভক্তের ভিটা বাড়ী কচা নদীতে বিলীন হয়ে গেছে। সে স্ত্রী পরিজন নিয়ে নদীর কিনারায় জোয়ার ভাটার সঙ্গে যুদ্ধ করে ঝুপড়ি ঘরে বাস করছেন। এভাবে নদীর তীরে নজরুল হাওলাদার, নান্টু হাওলাদার, হারুন হাওলাদার, জাকির হাওলাদার, মোশারেফ মৃধাসহ অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাদের নিজেদের থাকার কোনো জায়গা নেই, তেমনি পায়নি কোনো আবাসনে স্থান।

এছাড়া টগড়া গ্রামের ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের জামে মসজিদসহ শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর ও খোলপুটয়া গ্রামের কচা ও বলেশ্বর নদীর ভাঙনে ভিটাবাড়িসহ কৃষি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ওই গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান কচা ও বলেশ্বর নদীর মোহনায় খোলপটুয়া গ্রাম হওয়ায় ওই গ্রামের তিন ভাগের এক ভাগ নদীতে ভেঙে গেছে। এখন ওই গ্রামটি ভাঙনের মুখে।

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য