মাঠে মাঠে হলুদ, সরিষা চাষে ঝুঁকছে চাষি

মাঠে হলুদ, ঝালকাঠির বাসন্ডা গ্রামের চিত্রঝালকাঠি : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝালকাঠিসহ উপকূলীয় অঞ্চলে কৃষকের কৃষি ফসল উৎপাদনের বিভিন্নতা দেখা দিয়েছে। কম সেচের ফসল উৎপাদনে ঝুঁকেছেন কৃষক। আর্থিক লাভের আশায় তারা উৎপাদন করে চলেছেন খাদ্য থেকে শুরু করে ভোজ্য তেলের ফসল। পরিস্থিতি মোকাবিলা, বাস্তব অভিজ্ঞতা এবং সংসারের প্রয়োজন মেটাতেই কৃষক এ ধরনের ফসল উৎপাদন করছেন।এরই ধারাবাহিকতায় বাড়তি আয়ের জন্য এবারও ঝালকাঠি জেলায় ব্যাপক সরিষা চাষ হয়েছে। সরিষার দানায় কৃষক স্বপ্ন পূরণের আশা করছেন। ঝালকাঠি জেলায় ইতিমধ্যেই সরিষা পরিপক্ব হয়েছে। তাই কাটা-মাড়াই শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া এবং মাঠে মাঠে ক্ষেত থেকে এখন সরিষা তোলা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষি। এবার সরিষার দানা ভালো হওয়ায় অধিক লাভের আশা করছেন তারা। একইসঙ্গে ভালো দামের প্রত্যাশা রয়েছে। সরিষায় কৃষক লাভবান এবং উৎপাদিত সরিষায় স্থানীয়ভাবে ভোজ্য তেলের চাহিদা মেটাতে সাহায্য করছে বলে জানান চাষি ও কৃষিবিদরা। শুধু ভোজ্য তেল নয়, মধু সংগ্রহেও সরিষার রয়েছে ব্যাপক অবদান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা যায়, এবার ঝালকাঠি জেলায় সরিষার আবাদ হয়েছে প্রায় ৪শ ৮০ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি (২শ হেক্টর) জমিতে সরিষার আবাদ হয়েছে। এছাড়া নলছিটিতে ১৯৫ হেক্টর, কাঠালিয়ায় ৫০, রাজাপুরে ৩৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।

কৃষি বিভাগের তথ্য মতে, ২০১০ সাল থেকে এ জেলায় ব্যাপকহারে সরিষার আবাদে ঝুঁকেছেন এলাকার কৃষক। সদর উপজেলার কৃষক ইদ্রিস আলী জানান, সরিষার বাজারদর এবার ভালো থাকলে অন্য ফসলের লোকসান কিছুটা হলেও পুষিয়ে নেয়া যাবে। এবার সরিষার দানা ভালো হয়েছে। কাংক্ষিত ফলন হবে বলে জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আঃ আজিজ ফরাজি জানান, এ বছর সরিষা চাষের উপযুক্ত আবহাওয়ায় আবাদ ভালো হয়েছে। তিনি বলেন, বাজারে সরিষার দাম ভালো। এ বছরও আশানুরূপ জমিতে সরিষার আবাদ হয়েছে।

//মো. আতিকুর রহমান/উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/১২০১২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য