ঝালকাঠিতে রাজনৈতিক উত্তাপে বছর শুরু

প্রতীকী চিত্রঝালকাঠি : বছরের শুরুতেই রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ঝালকাঠি পৌরসভার কর্তৃত্ব নিয়ে মেয়র কাউন্সিলরদের দ্বন্দ্বে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা, সংবাদ সম্মেলন, বহিরাগতদের মটর সাইকেল মহড়ায় দিশেহারা ও আতঙ্কিত পৌরবাসী। উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন তারা। আর দিন যতই যাচ্ছে, আতঙ্ক-উদ্বেগ ততই বাড়ছে।

রাজনৈতিক পরিবেশের পাশাপাশি  পৌরসভার কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্য সহিংসতায় বর্তমানে জিম্মি হয়ে পড়েছে পুরো শহরের মানুষ। বুধবারের সংঘর্ষের ঘটনায় মেয়র ও বিরোধীয় ১০ কাউন্সিলর সমর্থক অন্তত ২০ জন আহত হয়েছে। এনিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এবং মন্তব্য প্রকাশ করছেন উভয় পক্ষই। ৫ জানুয়ারি আওয়ামী লীগের ‘গণতন্ত্র রক্ষা দিবস’ আর বিএনপি নেতৃত্বাধীন জোটের ‘গণতন্ত্র হত্যা দিবস’কে কেন্দ্র করে সহিংস হয়ে উঠে রাজনীতি।

এ উপলক্ষ্যে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি বিকেলে কালো পতাকা মিছিলের কর্মসূচী ঘোষণা দেয়। একই স্থানে একই সময়ে জেলা আ’লীগও গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে সমাবেশ করার ঘোষণা দেয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর সাংবাদিকদের ফোন দিয়ে কর্মসূচী পালনের অপারগতা প্রকাশ করে কালো পতাকা মিছিল স্থগিত করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় ৫ জানুয়ারি সন্ধ্যায় বেগম খালেদা জিয়া অনির্দিষ্ট কালের জন্য অবরোধের ডাক দেয়।

অবরোধের প্রথমদিনে ৬ জানুয়ারি জেলা কোথাও কোন মিছিল ও সভা পালিত হয়নি। ৭ জানুয়ারি সকাল ৭ টায় আকস্মিকভাবে শহরের বিশ্বরোডস্থ মানপাশা টেম্পো স্ট্যান্ডে রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করে। এসময় জেলা ছাত্রলীগের সদস্য নজরুল ইসলাম বাধা দিতে এলে অবরোধের চেষ্টাকারীদের আঘাতে জখম প্রাপ্ত হয়। এঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, তার পুত্র কলেজ পড়ুয়া হিমেল, শহর সেচ্ছাসেবকদল সভাপতি ফারুক হোসেন, সাবেক জেলা ছাত্রদল নেতা শাহআলম গাজী, ছাত্রদল নেতা মিঠু, গিয়াস, বিএনপি নেতা শাহআলম খলিফা, বৈদারাপুরের তুহিন, রূপসিয়া গ্রামের রাজুসহ ১২ জনের নাম এবং আরো কয়েকজন অজ্ঞাত উল্লেখ করে আহত নজরুল বাদী হয়ে মামলা দায়ের করে।

মামলার প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা এসআই আঃ রহিম অভিযান চালিয়ে বুধবার রাতেই বৈদারাপুরের তুহিন, রূপসিয়া গ্রামের রাজুকে অভিযান চালিয়ে আটক করে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এঘটনায় নামধারীসহ অজ্ঞাতদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

বুধবার সকাল ১০ টায় পৌরভবনের সামনের রাস্তায় মেয়র ও বিরোধীয় ১০ কাউন্সিলর সমর্থকদের মধ্যে কয়েকদফা সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এঘটনায় পাল্টাপাল্টি মামলা, সংবাদ সম্মেলন, বহিরাগতদের মোটর সাইকেল মহড়া, কাউন্সিলরদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ সম্মেলন ও মোটর সাইকেল মহড়ার প্রতিবাদ জানানো হয়েছে।

কি হবে ঝালকাঠি পৌরসভার অবস্থা এবং কি হবে দেশের রাজনৈতিক অবস্থা এসকল সার্বিক বিষয় নিয়ে ঝালকাঠি পৌরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

// মো.আতিকুর রহমান/উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/০৯০১২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য