উপকূলে দুর্নীতিবিরোধী দিবস পালিত
- ২৩:২০
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, ঝালকাঠি জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ১৭১
ঢাকা : ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে উপকূলের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও তথ্যমেলার আয়োজন করা হয়েছে।
ঝালকাঠি
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত ও ২ দিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালীতে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মজিদ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেমায়েত হোসেন হিমু, সনাক সদস্য প্রফেসর কামরুন্নাহার, প্রফেসর লাল মিয়া, শহীদ আলী ইমাম, তরুণ সরকার, মাওঃ আঃ খালেক নোমানীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন।
পরে সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর গুলনাহারের সভাপতিত্বে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমী চত্বরে ২ দিন ব্যাপী তথ্য মেলায় ১৫টি স্টলে বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর অংশ নেয়।
কলাপাড়া
“রুখবো দুর্নীতি গড়ব দেশ হবে সোনার বাংলাদেশ” এ স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৪ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় এ উপলক্ষ্যে উপজেলা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এসএম মঞ্জুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।
কর্মসূচিতে সরকারি, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
ভোলা
“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ ”এ স্লোগান সামনে রেখে ভোলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
দিবসটি উপলক্ষ্যে বেলা ১১ টার দিকে শহরের বাংলা স্কুল মোড় থেকে একটি র্যালী বের হয় ভোলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাংলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। র্যালীতে ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম রেজাসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সুশিল সমাজের নেতৃবন্দ অংশ নেয়। র্যালী শেষে সংক্ষিপ্ত এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে এক যোগ্যে ঐক্যবদ্য হয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য আহবান জানান।
//ডেস্ক উপকূল বাংলাদেশ /০৯১২২০১৪//
