ঝালকাঠিতে ঝুঁকিপূর্ন অবস্থায় বৈদ্যুতিক খুটি

ঝালকাঠি শহরের গুরুদাম ব্রীজের পূর্ব ঢালে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটিঝালকাঠি : ঝালকাঠি শহরের গুরুদাম ব্রিজের পূর্ব ঢালে কুতুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর পাড়ে রাস্তা সংলগ্ন বৈদ্যুতিক খুটিটি দীর্ঘদিন যাবত রয়েছে ঝুকিপূর্ণ অবস্থায়।

বৈদ্যুতিক খুটিটির গোড়ায় মাটি না থাকায় পুকুরের মধ্যে হেলে গেছে পোস্টটি। রক্ষা পেয়েছে পার্শ্ববর্তি খুটির তারের সাথে ওই খুটিটির টানা লেগে থাকায়। যে কোন সময় তার ছিড়ে পানিতে পড়ে প্রাণ হানিসহ ব্যাপক জান-মালের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

পৌর এলাকার সড়ক বাতি পরিদর্শক মোঃ আলমগীর হোসেন বলেন, ওই পোস্টটি দীর্ঘদিন যাবত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। মৌখিকভাবে ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। তিনি এব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না। হয়ত দূর্ঘটনা ঘটলে জরুরী ব্যবস্থা নিবেন।

এছাড়াও আড়ৎদার পট্টিস্থ একটি লাইট পোস্টের (নং-ডব্লিউ-৪,১৮৩০) লাইন থেকে ১৪ টি মিটার নামিয়ে ব্যবহার করছে স্থানীয় বাসিন্দারা। কিন্তু কয়েক বছর ধরে লাইট পোস্টের গোড়া মরিচা ধরে নাজুক হয়ে গেছে। বিদ্যুত বিভাগে অভিযোগ দিলে তারা এসে লাইট পোস্ট পরিবর্তন না করে জ্বালাই দিয়ে রাখে। তাও এখন অনেকটা নষ্ট হয়ে গেছে।

লাইট পোস্ট পরিবর্তনের জন্য পৌর মেয়রের সুপারিশ নিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন পত্র জমা দেয়া হলেও তিনি এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান সাবেক ব্যাংক কর্মকর্তা সত্যবান সেন গুপ্ত গোপাল।

এব্যাপারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) এর নির্বাহী প্রকৌশলী মোঃ বাছেতুজ্জামান জানান, গুরুদাম ব্রিজের পূর্ব ঢালে বৈদ্যুতিক খুটিটি হেলানোর বিষয়টি আমরা দেখেছি। গত বছর শুকনো মৌসুমে ২ হাজার টাকা ব্যায় করে খুটির গোড়ায় মাটি দিয়ে ঠিক করা হয়েছিল।

বর্ষা মৌসুমে গোড়ায়ে পানি লেগে মাটি সরে গিয়ে সাবেক অবস্থায় ফিরে গেছে। চিন্তা ছিল অন্য পার্শ্বে সরিয়ে নিব। আবার শুনছি পুকুরটি বালু দিয়ে ভরাট করা হবে তাহলে তো আর সমস্যা থাকবে না। আড়ৎদ্দারপট্টিস্থ খুটিটিতে কোন সমস্যা নেই বলে দাবি করেন বাছেতুজ্জামান।

//মো. আতিকুর রহমান/উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/১৯১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য