বরিশালের অভ্যন্তরীণ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

lonch_sm_237381575.jpgডেস্ক উপকূল বাংলাদেশ ● বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নদী বন্দরে সতর্কতা সংকেত থাকায় শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে।

বরিশাল অঞ্চলের নদী বন্দরে আবহাওয়া অধিদপ্তর থেকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানোয় জারি করা হয়েছে এ নিষেধাজ্ঞা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম এ খবর দিয়েছে।

বরিশাল নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সূত্র জানান, দুই নম্বর সতর্কতা সংকেত থাকায় সকাল থেকে অভ্যন্তরীণ রুট বরিশাল থেকে বাহেরচর ও দশমিনাগামী দুটি লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে অন্যান্য রুটের লঞ্চগুলো ৬৫ ফুটের চেয়ে বড় হওয়ায় যথারীতি চলাচল করছে। এ লঞ্চগুলো চলাচলে যাত্রীদের তেমন একটা সমস্যা হবে না।

বরিশাল নৌ বন্দর সূত্র জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দুই নম্বর সতর্কতা সংকেত থাকায় সকাল ১০টা থেকে ছোট লঞ্চ (৬৫ ফুটের কম) চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা বলবৎ নয় বলে জানান তিনি।

//ডেস্ক উপকূল বাংলাদেশ/২০০৯২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য