ভর-মৌসুমেও ইলিশ শুন্য সন্ধ্যা নদী, স্বরূপকাঠির জেলেরা সংকটে
- ০৯:৪৫
- উপকূল সংবাদ, পিরোজপুর জেলা, প্রধান প্রতিবেদন, মধ্য-উপকূল, সর্বশেষ
- ২৯৪
মো.হালিমুর রহমান শাহিন, স্বরূপকাঠি Θ ইলিশের এখন ভর-মৌসুম। এই মৌসুমে পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যানদীতে দেখা মিলছে না কাঙ্খিত ইলিশের। ইলিশ ধরা না পড়ায় জেলে পরিবারগুলোতে চলছে দুর্দিন। বিগত দিনে এ মৌসুমে জেলেদের জালে ধরা পড়ত প্রচুর ইলিশ এবং হাটে বাজারে দেখা যেত ইলিশের ছড়াছড়ি। কিন্তু এ ভর-মৌসুমেও দেখা মিলছে না ইলিশের। সরজমিনে উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের আকাল। হাতেগোনা যৎসামান্য ইলিশ দেখা গেলেও দাম চড়া।
উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় তিন হাজার জেলে পরিবার এ পেশায় নিয়োজিত থেকে অতি কষ্টে দিননিপাত করছে। হতাশার মধ্যে দিন কাটছে ঐ সকল জেলে পরিবারগুলোর। মৎস্যজীবী পেশায় জড়িত ঐ সকল জেলেরা বিভিন্ন ব্যাংক, এনজিও ও মহাজনদের নিকট চড়া সুদে ঋণ নিয়ে মাছ ধরার জাল নৌকা নিয়ে ইলিশের আশায় রাত দিন নদীতে ব্যস্ত সময পার করলেও জেলেদের জালে ধরা পড়ছেনা ইলিশ। ইলিশের আশায় জেলেরা প্রতিদিন জাল নৌকা নিয়ে সন্ধ্যানদী চড়ে বেড়ালেও ফিরে আসে খালিহাতে। ইলিশ শিকারের এ মওসুমে ইলিশ না পাওয়ায় চরম হতাশায় দিন কাটছে জেলে,দাদন ব্যবসায়ী ও আড়তদারদের।
সোহাগদল গ্রামের মৎস্যজীবী মো. জামাল হোসেন জানান, ঋনে ঋনে জর্জরিত হয়ে পরিবার পরিজন নিয়ে হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। কৌরিখাড়া গ্রামের আ. ছত্তার জানান,বিগত দিনে এ মওসুমে ছোট বড় সাইজের ইলিশ ধরা পড়তো কিন্তু এ বছর রূপালী ইলিশ ধরা না পড়ায় জেলে পরিবারগুলোতে বিরাজ করছে চরম আর্থিক সংকট।
অপরদিকে এ মওসুমে বিগত দিনে সাগর উপকুলীয় অঞ্চলের একশ্রেনির মৎস্যজীবীরা ইলিশ ভর্তি বোট নিয়ে মিয়ারহাট বন্দরে এনে পাইকারিভাবে মাছের আড়তে বিক্রি করতো। কিন্তু এ বছর উপকুলীয় অঞ্চলের কোন মৎস্যজীবী ইলিশভর্তি বোট নিয়ে এখন পর্যন্ত এ বন্দরে আসেনি।
মিয়ারহাট বন্দরের মাছের আড়তদার মো. নাজমুল হক নাজু জানান, সাগরেই জেলেদের জালে মিলছেনা ইলিশ।
ইলিশের আকালের ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.আব্দুল গাফ্ফার জানান, ইলিশের ভরা মৌসুম হওয়া সত্বেও জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার এ সমন্ত নদীতে কাঙ্খিত ইলিশ মিলছেনা।
//মো.হালিমুর রহমান শাহিন/ উপকূল বাংলাদেশ/স্বরূপকাঠি-পিরোজপুর/১৪০৬২০১৪//
