বজ্রপাতে উপকূলের ৪ জেলায় ৬ জনের প্রাণহানি

image_91281_0gif.jpgডেস্ক উপকূল বাংলাদেশ Θ বজ্রপাতে উপকূলের ৪ জেলায় ৬ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) বিভিন্ন সময়ে এ বজ্রপাতের ঘটনায় ফেনীতে ২জন, ঝালকাঠিতে ২জন, বরিশালে ১জন এবং ভোলায় ১জনের প্রাণহানি ঘটেছে।

ফেনীতে বজ্রপাতে বৃহস্পতিবার বিকেলে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের আতিক (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার আবুল কালামের ছেলে। অন্যদিকে বিকাল ৫টার দিকে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের ইছাপুর গ্রামের জামালউদ্দিনের স্ত্রী রিনা আক্তার (২৬) বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।ঝালকাঠি সদর ও কাঠালিয়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের গাভারামচন্দ্রপুর ইউনিয়ন ও কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বালিগনা গ্রামের আশরাফ আলী ও কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছিটকি গ্রামের জয়নাব হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম।

স্থায়ীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের বালিগনা গ্রামের আশরাফ আলী মাঠে কাজ করছিল।এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই সময়ে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছিটকি গ্রামের সাইফুল ইসলাম বজ্রপাতে মারা যান।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম তালুকদার ও আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বজ্রপাতে আলী ফকির (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আলী ফকির উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রামের মৃত আব্দুর রহিম ফকিরের ছেলে।

ওই এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী হানিফ মাঝি জানান, বৃহস্পতিবার বিকেলে প্রবল বর্ষণ শুরু হলে আলী ফকির আমতলা এলাকায় একটি গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

ভোলার দৌলতখানে বজ্রপাতে মনির (১৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। মনির ওই ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের মো ইয়াসিনের ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষক মনির মাঠে কাজ করছিলেন। বিকেলে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/ডেস্ক উপকূল বাংলাদেশ/১৫০৫২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য