ভোলার মনপুরায় আলোকযাত্রা দলের কমিটি গঠণ ও কার্যক্রম শুরু
- ১৩:২৪
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, জীবনধারা, শিক্ষাদীক্ষা, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ৩৪৪
মনপুরা, ভোলা : উপকূলের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সৃজনশীল মেধাবিকাশ কেন্দ্র ‘আলোকযাত্রা’ দলের নতুন কমিটি গঠিত হয়েছে দ্বীপ জেলা ভোলার দ্বীপ উপজেলা মনপুরায়। ২০ সদস্যের এ কমিটির নেতৃত্বে রয়েছে তিন পড়ুয়া। কমিটির কার্যক্রম তদারকিতে রয়েছে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ। কমিটি গঠনের পর ২০১৭ সালের কর্মপকিল্পনা নির্ধারণ করে আলোকযাত্রা দল।
কমিটি গঠণ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) মনপুরার প্রাণকেন্দ্র হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, স্থানীয় শিক্ষক-সাংবাদিক আবদুল্লাহ জুয়েল, সাংবাদিক নজরুল ইসলাম মামুন, উপকূল-সন্ধানী সাংবাদিক ও আলোকযাত্রা দলের কেন্দ্রীয় সমন্বয়কারী রফিকুল ইসলাম মন্টু, পড়ুয়াদের পক্ষে অারজু বেগম, সাইফুল ইসলাম শিবলু, সুইটি আক্তার এ্যানি, তানজির হোসেন উম্মে হাফসা ঐশী প্রমূখ।
সভায় স্কুল-কলেজ পড়ুয়ারা নিজেদের উদ্যোগে করতে পারে, এমন কিছু কাজ নির্ধারণ করা হয়। কাজগুলো হচ্ছে ১) উপদেষ্টা পরিষদেও সাথে মিটিং; ২) দেয়াল পত্রিকা প্রকাশ; ৩) গাছের চারা লাগানো; ৪) স্বাধীনতা দিবস পালন; ৫) সাংস্কৃতিক অনুষ্ঠান; ৬) বাংলা ভাষার ক্লাস; ৭) তথ্যপ্রযুক্তি চর্চা ক্লাস; ৮) পাঠাগার স্থাপন; ৯) ব্যক্তিগত পরিচ্ছন্নতা চর্চা; ১০) খেলাধূলার আয়োজন; এবং ১১) শিক্ষা উপকরণ বিনিময়। ২০১৭ সালে বছর জুড়ে এই কাজগুলো করার পরিকল্পনা তৈরি করে পড়ুয়া।
সভায় আলোকযাত্রা দলের সদস্যদের ভোটে হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর পড়ুয়া আরজু বেগমকে দলনেতা-১, ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর সাইফুল ইসলাম শিবলুকে দলনেতা-২ এবং হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর উম্মে হাফসা ঐশীকে দলনেতা-৩ নির্বাচিত করা হয়।
আলোকযাত্রা দলের কার্যক্রম পরিচালনায় সহায়ক হিসাবে শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে ৫জনকে দলের উপদেষ্টা পরিষদে রাখা হয়। এরা হলেন: হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, সাংবাদিক ও শিক্ষক আব্দুল্লাহ জুয়েল, হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মামুন, এবং সাংবাদিক ও কবি সীমান্ত হেলাল।
// প্রতিবেদন/১৯০৩২০১৭//
