ভোলার তজুমদ্দিনে আলোকযাত্রা দলের কমিটি গঠণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন
- ০০:০৭
- আলোকযাত্রা, উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঘটনাপ্রবাহ, জাতীয়-উপকূল, জীবনধারা, ভোলা জেলা, মধ্য-উপকূল, শিক্ষাদীক্ষা, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ৩৫৭
তজুমদ্দিন, ভোলা : উপকূলের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সৃজনশীল মেধাবিকাশ কেন্দ্র ‘আলোকযাত্রা’ দলের নতুন কমিটি গঠিত হয়েছে দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিনে। ২০ সদস্যের এ কমিটির নেতৃত্বে রয়েছে তিন পড়ুয়া। কমিটির কার্যক্রম তদারকিতে রয়েছে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ। কমিটি গঠনের পর ২০১৭ সালের কর্মপকিল্পনা নির্ধারণ করে আলোকযাত্রা দল।
কমিটি গঠণের লক্ষ্যে সোমবার (৬ মার্চ) তজুমদ্দিনের দক্ষিণ খাসেরহাটের কবি নজরুল ইসলাম পাঠাগারে সভা অনুষ্ঠিত হয়। সভায় শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, শিক্ষক-সাংবাদিক শরীফ আল-আমীন, উপকূল-সন্ধানী সাংবাদিক ও আলোকযাত্রা দলের কেন্দ্রীয় সমন্বয়কারী রফিকুল ইসলাম মন্টু আলোকযাত্রা দলের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
পড়ুয়াদের পক্ষে বক্তব্য দেয় জান্নাতুল নাঈম তন্বী, খাদিজা আক্তার, মোসলেহউদ্দিন অনীক, নিলয় বিশ্বাস, হান্নান শাহ ও মো. নোমান হোসেন নয়ন।
সভায় স্কুল-কলেজ পড়ুয়ারা নিজেদের উদ্যোগে করতে পারে, এমন কিছু কাজ নির্ধারণ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে, দেয়াল পত্রিকা প্রকাশ, শুদ্ধ বাংলা চর্চা, সংস্কৃতি চর্চা, খেলাধূলা চর্চা, তথ্য-প্রযুক্তি চর্চা, গাছের চারা লাগানো ও পরিচর্যা, শিষ্টাচার শিক্ষা, প্রকৃতি পাঠ ও প্রকৃতি দেখা, দিবস পালন, শিক্ষা উপকরণ বিনিময়, পাঠাগার স্থাপন ও পাঠচক্র এবং পরিচ্ছন্নতা অভিযান। ২০১৭ সালে বছর জুড়ে এই কাজগুলো করার পরিকল্পনা তৈরি করে পড়ুয়া।
সভায় আলোকযাত্রা দলের সদস্যদের ভোটে মো. হান্নাম শাহকে দলনেতা-১, জান্নাতুল নাঈম তন্বীকে দলনেতা-২ এবং মোসলেহউদ্দিন অনীককে দলনেতা-৩ নির্বাচিত করা হয়।
আলোকযাত্রা দলের কার্যক্রম পরিচালনায় সহায়ক হিসাবে শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে ৫জনকে দলের উপদেষ্টা পরিষদে রাখা হয়। শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক হান্নান কবীর, শাহে আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন, শিক্ষক-সাংবাদিক শরীফ আল-আমীন এবং তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী।
//প্রতিবেদন/১০০৩২০১৭//
