সবুজ উপকূল ২০১৬, মঠবাড়িয়ায় পড়ুয়াদের পরিবেশ সচেতন হওয়ার তাগিদ
- ১৫:২২
- উপকূল আজ, উপকূল সংবাদ, জাতীয়-উপকূল, জীবনধারা, পরিবেশ প্রতিবেশ, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, শিক্ষাদীক্ষা, সবুজ উপকূল ২০১৬, সর্বশেষ
- ৬০৫
মঠবাড়িয়া, পিরোজপুর, ২৭ আগষ্ট : সবুজ সুরক্ষার স্কুল-পড়ুয়া ছেলেমেয়েদের পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহবানের মধ্যদিয়ে উপকূলীয় জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে কে. এ. লতীফ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি। শনিবার (২৭ আগষ্ট ২০১৬) এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪টি বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।
অনুষ্ঠানমালার আওতায় ছিল আলোচনা সভা, গাছের চারা রোপণ, পুরস্কার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ ও দেয়াল পত্রিকা প্রকাশ। কর্মসূচি উপলক্ষে ভেন্যু বিদ্যালয়ে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এতে চারপাশের পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের লেখা স্থান পায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কে এম লতীফ ইনস্টিউশন ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে এম লতীফ ইনস্টিউশনের প্রধান শিক্ষক ও সবুজ উপকূল ২০১৬ স্থানীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. মোস্তফা জামান খান।
বক্তব্য দেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোড়েলগঞ্জ শাখার ব্যবস্থাপক এ. কে রশীদ উদ্দিন, তুষখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম আকরামুল ইসলাম, সাপলেজা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল বাসেদ, হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসাইন, দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমান মিজু প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন। কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরেন উপকূল সাংবাদিক ও সবুজ উপকূল কর্মসূচির উদ্যোক্তা রফিকুল ইসলাম মন্টু। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য তুলে ধরে কে এম লতীফ ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র তাসনিম মনোয়ারুল আলম।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও সমবেত জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর শোকাবহ আগষ্ট স্মরণে অতিথি ও শিক্ষার্থীগণ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে। বক্তব্য পর্ব শুরুর আগে কে এম লতীফ ইনস্টিটিউশনে উপকূলের পড়ুয়াদের ব্যতিক্রমী দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র প্রথম সংখ্যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রধান অতিথি। অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবর্গ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অংশগ্রহনকারী বিদ্যালয় প্রধানের কাছে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় আগামী প্রজন্মের ভূমিকার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও উপকূলের সবুজ বাঁচিয়ে রাখতে সবার আগে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে। গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটা রোধের ওপর জোর দেন বক্তারা। অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের মাঝে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের লেখালেখি চর্চা অব্যাহত রাখার আহবান জানানো হয়।
কর্মসূচির আওতায় ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত রচনা লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে কে এম লতীফ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর হুমায়রা আনজুম জুঁই, ২য় হয়েছে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর তানজিলা আক্তার, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর মোসা. ফারজানা আক্তার। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত কবিতা/ছড়া প্রতিযোগিতায় ১ম হয়েছে কে এম লতীফ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর রাইয়ান খান, ২য় হয়েছে তুষখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর জান্নাতুল ফেরদৌস মিম, ৩য় হয়েছে কে এম লতীফ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর সপ্তবর্না শতাব্দী ঢালী।
কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত পত্র লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে কে এম লতীফ ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণীর মোসা. তাইয়েবা আক্তার, ২য় হয়েছে চিকনিকান্দি একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নাদিরা জামান, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মিথিলা অফরোজ। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ছবি আঁকা প্রতিযোগিতায় ১ম হয়েছে হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর সাদিয়া জাহান, ২য় হয়েছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর নুসরাত জাহান মাধুরী, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেহের আফরিন মুনা।
অনুষ্ঠানে ৪টি বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়। বিদ্যালয়গুলো হচ্ছে : কে এম লতীফ ইনস্টিটিউশন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, সাপলেজা মডেল হাইস্কুল ও হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করেছে উপকূল বাংলাদেশ। এতে মিডিয়া পার্টনার হিসাবে ছিল একুশে টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, ফিনান্সিয়াল এক্সপ্রেস, রেডিও ভূমি ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম। আইটি পার্টনার ছিল আইটি প্রতিষ্ঠান ডটসিলিকন। আয়োজনে সহযোগিতা করেছে স্কুল পড়ুয়াদের লেখালেখির সংগঠণ আলোকযাত্রা।
কর্মসূচিতে স্কুল-কলেজ পড়ুয়াদের পরিবেশ সচেতনতার পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পড়ুয়ারা লেখালেখির মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করে।
গত বছর সবুজ উপকূল ২০১৫ কর্মসূচির সফল সমাপ্তির ধারাবাহিকতায় এবার সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির যাত্রা শুরু হয়। এবার কর্মসূচির আওতায় এসেছে উপকূলের ১৪ জেলার ২৫টি উপজেলা। ২৬টি স্থানের ১১৬টি স্কুলের প্রায় ৮০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিচ্ছে।
এবার স্কুল-ভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ভোলার সদর, তজুমদ্দিন, মনপুরা, বরিশালের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া, বরগুনার বেতাগী, ঝালকাঠির কাঁঠালিয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, বাগেরহাটের সদর, শরণখোলা, মোড়েলগঞ্জ, সাতক্ষীরার তালা, শ্যামনগর, খুলনার কয়রা, পাইকগাছা, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ, হাজীরহাট, নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর, ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের সন্দ্বীপ, বাঁশখালী, এবং কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ।
//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/২৭০৮২০১৬//
