সবুজ উপকূল ২০১৬, কলাপাড়ায় মেহজাবিন অাঁকল এবং বলল উপকূলের কথা

মেহজাবিনের অাঁকা উপকূলের ছবিকলাপাড়া, পটুয়াখালী, ২২ আগষ্ট ২০১৬ : উপকূলীয় জেলা পটুয়াখালী উপজেলা সদরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মেহজাবিন দেয়াল পত্রিকা বেলাভূমি’তে উপকূলের ছবি অাঁকল এবং বলল উপকূলের কথা।

সোমবার (২২ আগষ্ট) পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি উপলক্ষে প্রকাশিত দেয়াল পত্রিকায় স্থান পাওয়া দুটি চমৎকার ছবি এঁকেছে মেহজাবিন। একইসঙ্গে অনুষ্ঠানে পড়ুয়াদের পক্ষে বক্তব্য রেখেছে সে। তুলে ধরেছে উপকূলের কথা। স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সবুজ সুরক্ষার আহবানের মধ্যদিয়ে বিদ্যালয় মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহজাবিনের অাঁকা উপকূলের ছবি

সবুজের আহবানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রচনা লিখন, ছড়া/কবিতা লিখন, পত্র লিখন, সংবাদ লিখন ও ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক প্রতিযোগিতা তিনজনকরে বিজয়ী পুরস্কার পায়। এছাড়াও কর্মসূচির আওতায় ছিল আলোচনা সভা, গাছের চারা রোপণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ‘সবুজ উপকূল’ বিষয়ক একাংকিকা পরিবেশিত হয়। প্রকাশিত হয় দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’।

সবুজ উপকূল ২০১৬ উপলক্ষ্যে প্রকাশিত বেলাভূমি’র বিশেষ এই সংখ্যাটিতে বিদ্যালয়ের পড়ুয়া দুটি চমৎকার ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। মেহজাবিনের অাঁকা একটি ছবিতে দেখা যায় উপকূলের দ্বীপ। চারিদিকে পানি, আর মাঝখানে ঝুঁকিপূর্ন বাড়ি। চারপাশে নদী, নদীতে নৌকা চলছে। ছবিটি অাঁকা হয়েছে জল রঙে। দেয়াল পত্রিকায় স্থান পাওয়া মেহজাবিনের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে সবুজ উপকূলের দৃশ্যপট। সবুজ বাড়ি, গাছপালা, রাস্তাঘাট। দুটি ছবিই সবার দৃষ্টি কাড়বে নি:সন্দেহে।

বক্তব্য রাখছে মেহজাবিন

মেহজাবিনের হাতে অাঁকা ছবি দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, ওর অাঁকা ছবি দেখে আমি মুগ্ধ। এত চমৎকার ছবি আঁকতে পারে, তা আগে জানা ছিল না। চর্চা করলে আরও ভালো অাঁকতে পারবে।

খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সবুজ উপকূল ২০১৬ অনুষ্ঠানের সূচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া বক্তব্যে মেহজাবিন বলে, উপকূল বাঁচাতে আজকের তরুণদের এগিয়ে আসতে হবে। আগামীতে আমরাই এই উপকূলে বসবাস করবো। এজন্য আমাদের সচেতন হতে হবে। গাছ লাগানো এবং গাছ বাঁচিয়ে রাখার উদ্যোগ নিতে হবে।

//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/২২০৮২০১৬//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য