‘বেলাভূমি’র প্রথম সংখ্যা বের করল খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা

খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র প্রথম সংখ্যা

কলাপাড়া, পটুয়াখালী, ২২ আগস্ট ২০১৬ : উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদরের খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা বের করল দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র প্রথম সংখ্যা। সোমবার ২২ আগষ্ট ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি উপলক্ষ্যে বেলাভূমি’র এই সংখ্যাটি প্রকাশিত হয়।

স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সবুজ সুরক্ষার আহবানের মধ্যদিয়ে উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি। সোমবার (২২ আগষ্ট) এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেয়াল পত্রিকা বেলাভূমি’র প্রথম সংখ্যাটিতে ১২টি প্রতিবেদন ও দু’টি হাতে অাঁকা ছবি স্থান পেয়েছে। ‘চরম ছিনতাই আতংকে লালুুয়া গ্রামবাসী’ শিরোনামে প্রতিবেদন লিখেছে বিদ্যালয়ের নবম শ্রেণীর (রোল ৬) সাতিয়া মুনতাহা বৈশাখী। একই শ্রেণীর (রোল ৫) মুনিয়া আক্তার ঋতু লিখেছে  ‘খেপুপাড়ায় ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন দুর্বষহ’ শিরোনামের প্রতিবেদন। একই শ্রেণীর (রোল ৪) জান্নাতুল ইসলাম নিশার প্রতিবেদনের শিরোনাম ‘নদী ভাঙণের শিকার হচ্ছে টিয়াখালী গ্রামটি’। ‘টানা বর্ষায় রাস্তাঘাট প্লাবিত’ শিরোনামে প্রতিবেদন লিখেছে নবম শ্রেণীর (রোল ৭) সানজিদা আক্তার। দশম শ্রেণীর (রোল ১১) খাদিজা আক্তারের প্রতিবেদনের শিরোনাম ছিল ‘বাদুরতলা বাঁধঘাট উন্নত এলাকা গড়ে তোলার জন্য বিদ্যুৎ চাই’।

শিশুদের নিয়ে প্রতিবেদন লিখেছে নবম শ্রেণীর (রোল ১০) ফাতেমাতুজ জোহরা। শিরোনাম দিয়েছে ‘পরিবারের বড়দের নানান বিরোধের বলি হচ্ছে কোমল শিশুরা।’ নবম শ্রেণীর (রোল ৯) আতিয়া আমিন অপি লিখেছে ‘বিয়ের বয়স হয়নি, অথচ কপালে তালাকের কালিমা’ শিরোনামে প্রতিবেদন। ‘মাদকমুক্ত সমাজ চাই’ শিরোনামে প্রতিবেদন লিখেছে সপ্তম শ্রেণীর (রোল ৮) নূরা ইসলাম অন্তরা। ‘বাল্য বিবাহের নৃশংস থাবায় সমাজ ধ্বংস’ শিরোনামে প্রতিবেদন লিখেছে দশম শ্রেণীর (রোল ৩) হাফিজা আক্তার।

‘জাতীয় শোক দিবস ২০১৬’ বিষয়ে প্রতিবেদন লিখেছে বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর (রোল ৬) সুমাইয়া হাওলাদার। বিদ্যালয়ের নবম শ্রেণীর (রোল ৫) মেহেরাজ আফসানা ইতু’র প্রতিবেদনের শিরোনাম ‘কলাপাড়ায় যৌতুকের কারণে একটি মেয়ের জীবন’। নবম শ্রেণীর (রোল ২) জান্নাতুল ইসলাম তুবা লিখেছে ‘কলাপাড়ায় ঘুমন্ত কিশোরীর মুখে এসিড’ শিরোনামের প্রতিবেদন।

সবুজের আহবানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রচনা লিখন, ছড়া/কবিতা লিখন, পত্র লিখন, সংবাদ লিখন ও ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক প্রতিযোগিতা তিনজনকরে বিজয়ী পুরস্কার পায়। এছাড়াও কর্মসূচির আওতায় ছিল আলোচনা সভা, গাছের চারা রোপণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ‘সবুজ উপকূল’ বিষয়ক একাংকিকা পরিবেশিত হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়াদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে বেলাভূমি প্রকাশ অব্যাহত থাকবে। পড়ুয়ারাও নিয়মিত পত্রিকাটি বের করার বিষয়ে অত্যন্ত আগ্রহী।

//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/২২০৮২০১৬//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য