সবুজ উপকূল ২০১৬, পড়ুয়ার কণ্ঠে উপকূল সুরক্ষার আহবান

বক্তব্য রাখছে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী হামিদা বেগম

তজুমদ্দিন, ভোলা, ১৪ আগষ্ট ২০১৬ : দ্বীপ জেলা ভোলার তজুদ্দিনের শম্ভুপুরে সবুজ উপকূল ২০১৬ কর্মসূচিতে উপকূলের কথা তুলে ধরল দশম শ্রেণীর শিক্ষার্থী হামিদা বেগম। ওর কথায় উঠে এলো উপকূলের সমস্যা ও সম্ভাবনার কথা। পড়ুয়াদের পক্ষ থেকে সবুজ সুরক্ষার মধ্যদিয়ে উপকূল বাঁচানোর আহবান জানালো হামিদা।

হামিদা তার বক্তৃতায় বলল, উপকূলে রয়েছে হাজারো সমস্যা। নদী ভাঙণ, ঝড়-জলোচ্ছ্বাস প্রতিনিয়ত আমাদের তাড়িয়ে ফেরে। ঝড়-ঝাপটার ভেতর দিয়ে আমরা বেড়ে উঠি। সে কারণে আমাদেরকে সজাগ হতে হবে। বড়দের পাশাপাশি আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। আমরা যে যে অবস্থানে আছি, সেই অবস্থান থেকে উপকূল সুরক্ষায় এগিয়ে আসবো।

স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সবুজ সুরক্ষার আহবানের মধ্যদিয়ে উপকূলীয় জেলা ভোলার তজুমদিনের শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি। ১৪ আগষ্ট রোববার এ উপলক্ষে বিদ্যালয়ের নিকটবর্তী শাহে আলম মডেল ডিগ্রী কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫টি বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অহিদ উল্যাহ জসিম। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সবুজ উপকূল ২০১৬ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভেন্যু স্কুলের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পাঠ্য বইয়ের পড়া মুখস্ত করে পরিক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না। এর পাশাপাশি চারপাশের জগত সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। উপকূলের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা রাখতে হবে। ভালো ফলাফলের সঙ্গে সাধারণ জ্ঞানের সংমিশ্রনই পারে মানুষের মত মানুুষ করে তুলতে। তোমাদেরকে ভালো মানুষ হয়ে প্রদীপের মত আলো জ্বালাতে হবে, যাতে তোমার আলোতে আরও অনেকজন আলোকিত হতে পারে।

//প্রতিবেদন/উপকূল বাংলাদেশ/১৪০৮২০১৬//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য