মনপুরার হাজীরহাট স্কুলে দেয়াল পত্রিকা বেলাভূমি’র ষষ্ঠ সংখ্যা প্রকাশিত

মনপুরার হাজীরহাট স্কুলে দেয়াল পত্রিকা বেলাভূমি’র ষষ্ঠ সংখ্যা প্রকাশিতমনপুরা, ভোলা, ১১ আগষ্ট ২০১৬ ।। সবুজ উপকূল ২০১৬ কর্মসূচি উপলক্ষে দেয়াল পত্রিকা বেলাভূমি’র ষষ্ঠ সংখ্যা প্রকাশ করেছে মনপুরার হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার (১১ আগষ্ট) পত্রিকাটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

কেউ লিখল, কেউ অাঁকলো। কেউবা আলপনায় ভরিয়ে তুলল দেয়াল পত্রিকাটি। গাছ, ফুল, পাখি, আর প্রজাপতি দিয়ে ওরা দৃষ্টিনন্দন করে তোলে পত্রিকাটিকে। পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে ওরা এতে লিখেছে ছড়া, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ ও চারপাশের সংবাদ। কেউ লিখেছে বিদ্যুৎ সংকট নিয়ে, কেউ লিখেছে স্বাস্থ্য কেন্দ্রের সমস্যা নিয়ে। আবার কেউ নদীর ভাঙণ নিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য্য নিয়ে কিংবা স্কুলের পরিবেশ নিয়ে লিখেছে। কেউবা সবুজ উপকূলের জন্য বনায়নের প্রয়োজনীয়তার কথা তুলে এনেছে প্রতিবেদনে। কেউবা উপকূলের প্রাকৃতিক দুর্যাগ নিয়ে লিখেছে।

উপকূলের পড়ুয়াদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি আর সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্য সামনে রেখে গত ৯ আগস্ট ২০১৬ থেকে শুরু হয়েছে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় মনপুরা হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সবুজ উপকূল ২০১৬ এর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শাহজাহান মিয়া। সভাপতিত্ব করেন হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ২নং হাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক।

অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, গাছের চারা রোপণ, পুরস্কার বিতরণ, দেয়াল পত্রিকা প্রকাশ, শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহনে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। কর্মসূচি উপলক্ষে বিদ্যালয়ের আলোকযাত্রা দল প্রকাশ করে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’। এতে শিক্ষার্থীদের লেখা পরিবেশসহ চারপাশের বিষয়ক লেখা প্রকাশিত হয়।

//প্রতিবেদন/উপকূলবাংলাদেশ/১১০৮২০১৬//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য