কোস্টগার্ড-জেলে ধাওয়া-পাল্টা ধাওয়া
- ২৩:১৬
- ঘটনাপ্রবাহ, সর্বশেষ
- ১৯১
শিপু ফরাজী, ভোলা।। ভোলার ইলিশা বিশ্বরোড এলাকায় কারেন্ট জাল আটক করায় পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে জেলেদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি ছোড়েছে কোস্টগার্ড ও পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও কোস্টগার্ড সূত্র জানায়, বুধবার পুলিশ ও কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক করে।আটককৃত জাল ইলিশা ঘাটে নিয়ে আসলে জাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জেলেরা। একপর্যায়ে জেলেরা পুলিশ ও কোস্টগার্ডকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, জেলেরা পুলিশকে ঘিরে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ৩৬ রাউন্ড ফাঁকা গুলি চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার কলিমুল্লাহ বলেন, জেলেরা জাল ছিনতাইয়ের চেষ্টা করলে কোস্টগার্ড ১১রাউন্ড ফাঁকা গুলি চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে বুধবার রাত ৯টার দিকে জেলার ভেদুরিয়া ফেরী এলাকায় অভিযান চালিয়ে ৬০ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।পরে আটককৃত জাটকা স্থানীয় অসহায় ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
