বটিয়াঘাটায় ৪ ব্যাংকের কাছে চরমপন্থীদের ১০ লাখ টাকা চাঁদা দাবি
আব্দুল হামিদ, বটিয়াঘাটা, খুলনা।। উপজেলার ৪টি ব্যাংকের ব্যবস্থাপককে ২৯ জানুয়ারি বুধবার বেলা বারটায় পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক প্রধান পরিচয় দিয়ে মুঠো ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। ব্যাংক কর্মকর্তাগণ ভীত হয়ে কালই থানায় সাধারণ ডায়রি করেন।
পুলিশ এবং ব্যাংক ব্যবস্থাপকদের সূত্রে জানা গেছে, রূপালী ব্যাংক বটিয়াঘাটা শাখা ব্যবস্থাপক মোতালেব হোসেন মোল্যার নিকট বেলা বারটার দিকে ০১৮৫৪২০৩৭৬৩ নম্বর থেকে তার ব্যক্তিগত ফোনে মহিউদ্দিন খান আলমগীর পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক প্রধান পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা পাঠিয়ে দেয়ার জন্য ০১৮৫৮১৩১৪৫১ বিকাশ নম্বরও দেয়।
এই ঘটনার ১০-১২ মিনিট পর সোনালী ব্যাংক ব্যবস্থাপক হিরন্ময় বিশ্বাসের নিকট ১ লাখ, পূবালী ব্যাংক ব্যবস্থাপক মনিরুল আমীনের নিকট ৩ লাখ ও কৃষি ব্যাংক ব্যবস্থাপক তৌহিদুল ইসলামের নিটক ১ লাখ টাকা একই নম্বর থেকে দাবী করে। দিতে অস্বীকার করলে জীবন নাশের হুমকি দেয়।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই সর্বত্র আতংক ছড়িয়ে পড়ে। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে চরম পন্থীদের আনাগোনা নতুন করে শুরু হয়েছে। তারা গ্রামের সাধারণ মানুষের নিকট চাঁদা দাবী, জমি দখল, খাস জমি জবর দখল সহ বিভিন্ন অবৈধ কাজ করে চলেছে। বিষয়টি নিয়ে বটিয়াঘাটা থানার ওসি এনামুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, এব্যপারে সতর্ক অবস্থা গ্রহণ সহ জিডি করা হয়েছে।
