রিক্সা চালিয়ে বাবার রোজগার, তবুও দমেনি মেহেদি হাসান…

মেহেদী হাসানের এগিয়ে যাওয়ার গল্পকাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালী উপজেলার এক রিকশা চালিয়ে জীবিকা নির্বাহকারী ব্যক্তির ছেলে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পেয়েছেন। অদম্য এ মেধাবী হলেন উপজেলা সদরের কেউন্দিয়া গ্রামের ইমাম হোসেনের ছেলে মেহেদী হাসান। এ অর্জনে তিনি মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

রিকশা চালিয়ে সংসার চালানোই ইমাম  হোসেনের ছিল কষ্টকর। পরিবারের চার সদস্যের খাদ্যের  জোগান দিতেই তাঁর নাভিশ্বাস উঠত। তার ওপর দুই সন্তানের  লেখাপড়ার খরচ  জোগানো। তাঁর পক্ষে টাকা দিয়ে বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব ছিল না। সন্তানের বাড়তি আবদার মেটানোও সম্ভব হয়নি তাঁর। বাড়িতে নেই বিদ্যুতের ব্যবস্থা। এ অবস্থায়  মেহেদীকে পড়তে হয়েছে কুপির আলোতে।

কিন্তু অদম্য মেধাবী মেহেদী এসবে দমে যাননি। শত বাধা পেরিয়ে তিনি কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়  থেকে এসএসসিতে জিপিএ ৪.৮৮ ও কাউখালী মহাবিদ্যালয়  থেকে এইচএসসিতে জিপিএ ৫.০০ পান। এ বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন।

মেহেদী হাসান জানান, মা-বাবা ও স্কুল-কলেজের শিক্ষকরা তাঁকে সব ধরনের সহযোগিতা করেছেন। তাঁর বাবা মাথার ঘাম পায়ে ফেলে আয়-রোজগার করে তাঁদের দুই ভাইবোনকে লেখাপড়া করাচ্ছেন। অনেক কষ্ট করে তাঁকে পড়াশোনা করতে হয়েছে।

ইমাম হোসেন বলেন, তাঁর  মেয়ে ফাতেমা  নেছারাবাদ সরকারি কলেজে বিএসসি পড়ছে। দুই সন্তানই পড়াশোনায় মনোযোগী হওয়ায় রিকশা চালানোর মতো কঠোর পরিশ্রম করেও আনন্দ পান তিনি। মা মোসা. হ্যাপি বেগম বলেন, ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় তাঁরা বেজায় খুশি। সন্তানের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কামরুল ইসলাম জানিয়েছেন, মেহেদী কখনো স্কুল ফাঁকি দেয়নি। পড়াশোনায়  সে ছিল ভীষণ মনোযোগী। তারই ফল পেয়েছে  সে। কাউখালী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সদস্য শিক্ষা উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বলেন, চরম অভাবের মধ্যেও ভালো ফল করা যায়,  মেহেদী তার দৃষ্টান্ত। তিনি মেহেদীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ দিকে গত বৃহস্পতিবার মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া নিয়ে একটি বেসরকারী টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হওয়ার পরে তথ্য ও প্রযুক্তি প্রতি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মেহেদীকে ফোন করে অভিনন্দন জানান এবং তিনি শুক্রবার তার বাসায়  ডেকে তার হাতে একটি ল্যাপটপ উপহার দেন এ সময় মেহেদীতে সহযোগীতা করায় কাউখালীর শিক্ষা উদ্যোক্তা আবদুল লতিফ খসরু কেও একটি ল্যাপটপ দেন।

মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসানকে নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, আজ সকাল শুরু হয়েছিল পিরোজপুরের মেহেদী হাসানের সাথে, তার বাবা একজন রিকশা চালক শত প্রতিকুলতা কে জয় করে সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে।

//রবিউল হাসান রবিন/উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/০৭১১২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য